কলাবাগান থানা নির্মাণের জন্য বরাদ্দকৃত তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসক কলাবাগান থানায় জমি বরাদ্দ দেন এবং সব প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু হলে খেলার মাঠের দাবিতে বিক্ষোভ শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরাও মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক তাই খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।"
তিনি বলেন, "আমি এ ব্যাপারে মেয়রসহ সংশ্লিষ্টদের বিকল্প খুঁজতে বলেছি এবং এ বিষয়ে পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।"
মন্ত্রী বলেন, "কলাবাগান খেলার মাঠ সম্পর্কে আমরা যাই বলি না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় দায়িত্ব রয়েছে এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল কারণ স্টেশনটি একটি ভাড়া বিল্ডিংয়ে কাজ করছে।"
মাঠের দাবিতে বিক্ষোভের ঘটনায় মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমাকে সন্ধ্যার পরে অনেকেই ফোন করেছিল। আমি ঘটনার যতটুকু জেনেছি তা হচ্ছে, তারা লাইভ ভিডিওতে এসে অনেক কিছু প্রচার করছিল। সেগুলো নাকি একটু অসঙ্গতিপূর্ণ। সেজন্য বারবার নিবৃত করার পরও আইনশৃঙ্খলা বাহিনী যখন থামাতে পারেনি, তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।"
তেঁতুলতলা খেলার মাঠ: মা-ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি
ওদিকে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলো তাদের দুজনকে হয়রানি ও আটকের প্রতিবাদে এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব।
সমাবেশে উপস্থিত সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, কাউকে ১৩ ঘণ্টার বেশি আটকে রাখা দেশের সংবিধান ও আইনের লঙ্ঘন।
এছাড়া আটকের প্রতিবাদে বিকাল ৩টায় কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনগুলো।
মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার সকাল ১১টার দিকে ফেসবুকে খেলার মাঠে সীমানা প্রাচীর নির্মাণের লাইভ-স্ট্রিমিং করার সময় রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ।
কলাবাগানে খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় ‘বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর’ অভিযোগে আটকের প্রায় ১৩ ঘণ্টা পরে পুলিশ সৈয়দা রত্না ও তার ছেলেকে মুক্তি দেয়।