নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন মন্ডলের বাড়ি বড়াইগ্রাম উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামে।

সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, বিয়ের পর থেকেই শাহিন মন্ডল স্ত্রী চম্পাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৬ সালে ২০ জানুয়ারি শাহিন মন্ডল তার নিজ বাড়িতে যৌতুকের জন্য তার স্ত্রী চম্পা খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত চম্পার বাবা আফসার মিয়াজী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শাহিন মন্ডলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।