বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভর্তুকি বা মূল্যস্ফীতি ব্যবস্থাপনার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এ সময় আ হ ম মুস্তফা কামাল বলেন, “এখন পর্যন্ত আমরা চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ভিত্তিতে কাজ করে যাচ্ছি”।
বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো যখন নিম্নমুখী বৈশ্বিক প্রবৃদ্ধির আশঙ্কা করছে, তখন বাংলাদেশ কেন উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, “সরকার চলতি অর্থবছর ২০২১-২২ এর জন্য ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পরিবর্তন করেনি। এ ছাড়া আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ বিবেচনা করা হচ্ছে”।
সরকার এখনো বিশ্বাস করে বৈশ্বিক পরিস্থিতির কারণে কোনো অনিশ্চয়তা সৃষ্টি না হওয়া পর্যন্ত ঘাটতি বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের সব দেশই মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সমস্যায় পড়েছে। … তবে আমরা মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনায় বেশ ভালো অবস্থানে আছি”।
ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধে কমবেশি সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। … আজ পর্যন্ত যুদ্ধ অবিলম্বে শেষ হওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। তবে আমরা আশা করি যুদ্ধ দ্রুত শেষ হবে”।