রাশিয়ার সাথে বন্দী বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রাক্তন মেরিন দেশে ফিরেছেন

নিউজ মিডিয়া ক্রুরা প্রাক্তন ইউএস মেরিন ট্রেভর রিডের পরিবারের বাড়ির বাইরে জড়ো হয়, যিনি ২০১৯ সালে রাশিয়ায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ২৭শে এপ্রিল,২০২২ সালে যুক্তরাষ্ট্রে আটক একজন রুশ বন্দীর মুক্তির বিনিময়ে মুক্তি পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন ট্রেভর রিড প্রায় তিন বছর রাশিয়ার কারাগারে থাকার পর, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। তাঁকে যুক্তরাষ্ট্রে আটক একজন রুশ বন্দীর মুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।

মাতাল অবস্থায় মস্কোর দুই পুলিশ কর্মকর্তার জীবন বিপন্ন করার অভিযোগে রিডকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এই বিচারকে "অদ্ভুত নাটক" বলে অভিহিত করেছে।

রিড তার স্থানীয় বাসস্থান টেক্সাসে পৌঁছেছেন এবং তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য একটি সামরিক হাসপাতালে কয়েক দিন থাকবেন।

টেক্সাসের একজন কংগ্রেসম্যান রিডের আগমনের ছবি টুইটারে পোস্ট করেছেন।

রিডের মা, পলা রিড, বৃহস্পতিবার টুইটে বলেন, "রিড পরিবারের জন্য এটি খুব আবেগ-আপ্লুত দিন ছিল। ট্রেভর যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।"

রিডকে রাশিয়ান পাইলট কনস্ট্যান্টিন ইয়ারোশেঙ্কোর সাথে বিনিময় করা হয়েছিল, যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ২০১০ সালে লাইবেরিয়াতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল।

তুরস্কের একটি বিমানবন্দরে আনুষ্ঠানিক বিনিময় হয়েছে বলে জানা গেছে।

ট্রেভরের বাবা জোই রিড বলেন "আমেরিকান বিমানটি রাশিয়ান বিমানের পাশে অবতরণ করেছিল, এবং তারা উভয় বন্দিকে একই সাথে হাটিয়ে নিয়ে এসেছিল, যেমনটি সিনেমায় দেখা যায়" ।

যুক্তরাষ্ট্র আরও একজন আমেরিকান, প্রাক্তন মেরিন পল হুইলানের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে, যাকে গুপ্তচরবৃত্তির জন্য ২০২০ সালের ১৬ই জুন ১৬ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

[এই প্রতিবেদনে কিছু তথ্য এসেছে রয়টার্স থেকে]