বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, শনাক্ত ১০

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা ১২ দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ।

অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এ সংখ্যা গতকাল রবিবারের (১ মে) চেয়ে অর্ধেকরও কম। রবিবার করোনা শনাক্ত হয়েছিল ২৫ জনের। বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু ১ দশমিক ৪৯ শতাংশ।