সিলেটে কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জন আটক

বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা থেকে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকরা হলেন—দক্ষিণ সুরমা উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত ইরফান আলী ছেলে আব্দুল আলী (৪০) ও পার্শ্ববর্তী ছবদলপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে মো. আলাউদ্দিন (৩২)।

মঙ্গলবার (১০ মে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৯ এপ্রিল ১৭ বছরের ওই তরুণীকে গামছা দিয়ে মুখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোগলাবাজার থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি পৃথক দল।

ঘটনার ১০ দিনের মাথায় গত ৮ মে (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারসংলগ্ন জিতু মিয়ার কলোনির একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ওই তরুণী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, তার মুখে গামছা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে আটক দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তসহ দুজনকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।