বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য খেলাধুলা, ব্যায়াম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, “জাতি গঠনে এগুলো অনিবার্য উপাদান”।
বুধবার (১১ মে) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২০ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে এসব ব্যাপারে উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “এর মাধ্যমে আমাদের শিশুরা দেশের ভালো মানুষ ও যোগ্য নাগরিক হয়ে উঠবে। আমার বিশ্বাস এর ফলে তাদের মন থাকবে সতেজ, তারা ভুল পথে যাবে না”।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৩-২০২০ পর্যন্ত একসঙ্গে ৮ বছরে প্রায় ৮৫ জন খেলোয়াড় ও সংগঠক পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে তাদের প্রত্যেকে একটি করে স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও একটি সনদপত্র দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।