খুলনায় দেয়াল ধসে এক শিশুর মৃত্যু, আহত ২

বাংলাদেশের খুলনা নগরীর, করিম নগর এলাকায়, শুক্রবার (১৩ মে), বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে ছয় বছরের এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তামিম নগরীর মিঠুর ছেলে। আহতরা হলেন, একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি।

সোনাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, “ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয় করিমনগর এলাকায় অবস্থিত। ওই অফিসের পেছনের দেয়াল অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে, ওই তিন শিশু অফিসের পিছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙে তাদের গায়ের ওপরে পড়ে। এ সময় তামিম ও ইয়ামিন আঘাত পায়।”

ওসি জানান, “তামিমের আঘাত গুরুতর হওয়ায়, তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।”

শিশু ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, “ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জরাজীর্ণ দেয়ালের কথা জানিয়েছি। কিন্তু, তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।” ভবিষ্যাতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে, সেজন্য তিনি কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।