সেনেগাল হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

১০ দিন বয়সী একটি শিশুর মা সেনেগালের টিভাউয়েনে একটি আঞ্চলিক হাসপাতালের বাইরে বসে কাঁদছেন। হাসপাতালের নবজাতক বিভাগে আগুনে শিশুটির মৃত্যু হয়েছে। ২৬ মে, ২০২২।

১০ দিন বয়সী একটি শিশুর মা সেনেগালের টিভাউয়েনে একটি আঞ্চলিক হাসপাতালের বাইরে বসে কাঁদছেন। হাসপাতালের নবজাতক বিভাগে আগুনে নবজাতকের মৃত্যু হয়েছে। ২৬ মে, ২০২২।

বুধবার সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেছেন, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪ দশমিক ৫৬ মাইল) পূর্বে টিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতক শিশু মারা গেছে।

সাল আগুনের বিষয়ে আরও বিশদ বিবরণ না দিয়ে একটি টুইট বার্তায় বলেছেন,”তিহাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনাটোলজি বিভাগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে আমি বেদনা ও আতঙ্কের সাথে ১১ জন নবজাতক শিশুর মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি।“

অ্যাঙ্গোলায় রাষ্ট্রীয় সফরে থাকা সাল আরও বলেন, “তাদের মা এবং তাদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।”

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিউফ সার বেসরকারি সেনেগালিজ টিভি টিএফএম-এ বলেছেন, “প্রাথমিক তদন্ত অনুসারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।“

বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অংশগ্রহণের জন্য জেনেভায় অবস্থানরত সার বলেছেন, তিনি সফর সংক্ষিপ্ত করে অবিলম্বে সেনেগালে ফিরে আসবেন।

সেনেগালের অন্যতম পবিত্র শহর এবং পরিবহন হাব টিবাউয়েনের মেয়র ডেম্বা ডিওপ সি বলেছেন, পুলিশ এবং ফায়ার সার্ভিস এখনো হাসপাতালে রয়েছে তবে এর বেশি বিবরণ তিনি দেননি।