বাংলাদেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমডি জানিয়েছে, ‘শনিবার ( ৪ জুন) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী (৪৪-৮৮ মিমি.) থেকে ভারী (৮৯ মিমি.) হতে পারে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি ‍বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ো হাওয়া, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে সতর্কতার সাথে চলাচল করতে।