বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ৭০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন

একটি মহিলা এডিস মশা

বাংলাদেশে এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত ৭০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, নতুন ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তের মধ্যে ১৩ জনই ঢাকা বিভাগে এবং ঢাকার বাইরে কেউ হাসপালাতে ভর্তি হয়নি।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে দুজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

বাংলাদেশ সরকারের প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪১১ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, চলতি বছরে, এখন পর্যন্ত কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি।

গত বছর, বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে তখন ১০৫ জন মারা গিয়েছিলেন।