নাইজেরিয়ার গির্জায় হামলার তদন্ত করছে কর্তৃপক্ষ

ওন্ডো রাজ্যের গভর্নর রোটিমি আকেরেডোলু (বাঁ থেকে তৃতীয়) দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওও শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলার পরে দাগযুক্ত মেঝেতে রক্তের দিকে আঙুল নির্দেশ করছেন। ৫ জুন, ২০২২।

নাইজেরিয়ার ওন্ডো রাজ্যের কর্তৃপক্ষ সোমবার একটি ক্যাথলিক গির্জায় হামলার একদিন পরে তদন্ত শুরু করেছে। সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় রবিবার এ হামলায় হতাহতের সঠিক সংখ্যা স্পষ্ট নয়, ওন্ডো রাজ্যের গভর্নরের কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা ২১ জনকে হত্যা করেছে। আবার রয়টার্স ওন্ডোর একজন ডাক্তারের বরাত দিয়ে বলেছে, মৃতের সংখ্যা ৫০।

হাসপাতালগুলো হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসা করছিল আর স্বেচ্ছাসেবকরা আহতদের সাহায্য করার জন্য রক্ত সংগ্রহ করতে শুরু করেছিল।

ওন্ডোর গভর্নর রোটিমি আকেরেডোলু হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছেন এবং নিহতদের সম্মান জানাতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

ভ্যাটিকান বলেছে, পোপ ফ্রান্সিস “উদযাপনের সময় বেদনাদায়কভাবে আক্রমণের শিকার হওয়া দুর্গতদের জন্য এবং দেশের জন্য তিনি প্রার্থনা করছেন এবং তিনি প্রত্যেককে প্রভুর কাছে অর্পণ করেন যাতে ঈশ্বর তাদেরকে সান্ত্বনা পাঠাতে পারেন।“

হামলার পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। নাইজেরিয়ায় বর্তমানে প্রচুর পরিমাণে সশস্ত্র গ্যাং-এর সহিংসতা সংঘটিত হচ্ছে। এক সপ্তাহ আগে নাইজেরিয়ার মেথডিস্ট গির্জার প্রিলেট স্যামুয়েল কানু উচেকে দক্ষিণ-পূর্ব আবিয়া রাজ্যের বিমানবন্দরে যাওয়ার পথে অপহরণ করা হয়েছিল।

গির্জা প্রায় ২ লাখ ৪০ হাজার ডলার জোগাড় করে অপহরণকারীদের দেবার ২ দিন পরে তাকে মুক্তি দেয়া হয়।

এই প্রতিবেদন তৈরিতে টিমোথি ওবিজু সহায়তা করেছেন। এপি, এএফপি এবং রয়টার্স থেকেও কিছু তথ্য নেয়া হয়েছে।