দক্ষিণ আফ্রিকায় পানশালায় ২১ জন কিশোরের মৃত্যুর তদন্ত করছে দেশটির পুলিশ

দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডনের একটি নাইটক্লাব থেকে একটি মৃতদেহ সরানো হচ্ছে। ২৬ জুন, ২০২২।

দক্ষিণ আফ্রিকায় একটি পানশালায় কমপক্ষে ১৭ জন কিশোরকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসার সময় আরও ৪ জন মারা গেছে। কর্তৃপক্ষ বলেছে, পানশালার মালিককে বিচারের মুখোমুখি হতে হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব কেপ প্রদেশে রহস্যজনক মৃত্যুর তদন্তকারী পুলিশ বলছে, তারা কিশোরদেরকে বিষ প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, তারা তদন্ত করছে এবং ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। রোববার ভোরে একটি পানশালায় কিশোরদের মৃতদেহ পাওয়া যায়। দৃশ্যত মৃত্যুর কোনো কারণ নেই।

পূর্ব কেপ প্রদেশের পূর্ব লন্ডনের এনিওবেনি সরাইখানায় মৃতদেহগুলো মেঝে এবং টেবিলে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে এবং সেখানে পুলিশকে ডাকা হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সরাইখানার মালিক সিয়াখাঙ্গেলা এনদেভু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পানশালায় বিন্দুমাত্র জায়গা খালি না থাকা সত্ত্বেও ক্রেতারা জোর করে ঢোকার চেষ্টা করছিল।

কিন্তু কারো দেহে আঘাতের চিহ্ন না থাকায় নিরাপত্তা কর্তৃপক্ষ পদদলিত হওয়ার সম্ভাবনা তড়িৎ নাকচ করে দিয়েছে। নিহতদের কারো কারো বয়স ১৩ বছর।

দক্ষিণ আফ্রিকায় মদ্যপানের বৈধ বয়স হলো আঠারো।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়ার মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষার সমাপ্তি উদযাপন করছিল।