জাপান, দক্ষিণ কোরিয়ার নেতারা নেটো সম্মেলনের পার্শ্ব-বৈঠকে মিলিত হয়েছেন

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (ডানে), মাদ্রিদের অ্যাডলফো সুয়ারেজ মাদ্রিদ-বারজাস বিমানবন্দরে একটি বিমান থেকে বেরিয়ে আসছেন। ২৮ জুন, ২০২২। ফাইল ছবি।

স্পেনের মাদ্রিদে নেটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মঙ্গলবার সংক্ষিপ্ত বৈঠকে দক্ষিণ কোরিয়া ও জাপানের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ আয়োজিত নৈশভোজের সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রায় ৩ থেকে ৪ মিনিটের জন্য মিলিত হন।

২০১৯ সালের ডিসেম্বরের পর এটি ছিল দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ নেতাদের প্রথম মুখোমুখি বৈঠক। তারপর থেকে ১৯১০-১৯৪৫ সালে কোরিয়ায় জাপানের নৃশংস দখলদারিত্ব বিষয়ক দীর্ঘস্থায়ী বিরোধের কারণে দেশ দুটির সম্পর্কে অবনতি ঘটে।

ইউন এবং কিশিদা নেটোর বৈঠকে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। তারা উভয়েই যার যার দেশকে আরও স্পষ্টভাবে পশ্চিমমুখী করছে। এই প্রথম দক্ষিণ কোরিয়া ও জাপানের শীর্ষ নেতারা নেটো সম্মেলনে যোগ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র, তবে প্রায়ই তারা পরস্পরের প্রতি সন্দেহপ্রবণ। দেশগুলোর ঐতিহাসিক বিরোধ মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি করে যা উত্তর কোরিয়া বা চীনের মতো ইস্যুতে ত্রিপক্ষীয় সহযোগিতার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউন এবং কিশিদা নেটো সম্মেলন দীর্ঘ পার্শ্ব বৈঠক করতে পারেন। কিন্তু পরবর্তী মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছে যে, আগামী মাসে জাপানের উচ্চকক্ষের নির্বাচন না হওয়া পর্যন্ত এমন বৈঠকের জন্য অপেক্ষা করতে হতে পারে।