যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। যার মধ্যে স্পেনে অতিরিক্ত নৌ-বিধ্বংসী অস্ত্র মোতায়েন এবং অন্যত্র আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।
৩০-জাতির জোট, নেটো শীর্ষ সম্মেলনের জন্য মাদ্রিদে পৌঁছে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে আমেরিকান ৫ম আর্মি কোরের জন্য একটি স্থায়ী সদর দপ্তর স্থাপন করবে। তিনি ব্রিটেনের কাছে দুটি অতিরিক্ত এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেন। এছাড়া তিনি ৩,০০০ সৈন্যের একটি পালাক্রমিক ব্রিগেড এবং আরও ২,০০০ কর্মীকে রোমানিয়াতে সদর দফতরে পাঠানোর কথা বলেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আজ আমি ঘোষণা করছি, পরিবর্তিত নিরাপত্তা পরিবেশ মোকাবিলায় ইউরোপে সামরিক শক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র, সেইসাথে আমাদের যৌথ নিরাপত্তা বাবস্থাও জোরদার করা হবে।"
ইউক্রেনের জন্য সমর্থন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত পশ্চিমের সামরিক জোটটি কীভাবে বর্তমান এবং ভবিষ্যত চ্যালেঞ্জগুলির মোকাবেলায় খাপ খাইয়ে নেবে, সে ব্যাপারে আলোচনা করতে নেটো নেতারা শীর্ষ সম্মেলনে মাদ্রিদে একত্রিত হয়েছেন।
বাইডেন বলেন, "এই বছরের শুরুর দিকে, রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমাদের জোটকে শক্তিশালী করার জন্য ইউরোপে ২০,০০০ অতিরিক্ত আমেরিকান বাহিনী প্রেরণ করেছি, তাতে ইউরোপে আমাদের বাহিনীর সংখ্যা ১,০০,০০০-এ উন্নীত হয়েছে। আমরা হুমকির উপর ভিত্তি করে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ পরামর্শ করে কী পদক্ষেপ নেয়া উচিত, তা নির্ধারণ করছি।"
রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য এই শীর্ষ সম্মেলনে নেতারা একমত হবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভিডিওর মাধ্যমে শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছেন।
নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সংবাদদাতাদের বলেছেন, এবারের সমাবেশটি হবে "আমাদের জোটের জন্য একটি ঐতিহাসিক এবং রূপান্তরকারী শীর্ষ সম্মেলন", তিনি আরও বলেন, এটি এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছি।"
রাশিয়ার আক্রমণ নেটোর নিজস্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও প্রভাবিত করছে, যার মধ্যে একটি নতুন কৌশলগত ধারণা রয়েছে যা জোটটি "পরিবর্তিত নিরাপত্তা পরিবেশ" বলে অভিহিত করেছে।