অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) দেশগুলোর প্রতিনিধিত্বকারী মিশন প্রধানরা রবিবার (৩ জুলাই) বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে যোগদানকারী বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, “গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অত্যাবশ্যক।” ডিকসন বৈঠকের পরে এক টুইটে বলেছেন, “যুক্তরাজ্য ও সমমনা অংশীদাররা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে উৎসাহিত করতে থাকবে।”
ওইসিডি হলো যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত সংস্থা; যার লক্ষ্য, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা, জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং বিশ্ব বাণিজ্যের বৃদ্ধি অব্যাহত রাখা।
সভায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও উপস্থিত ছিলেন। তিনি এক টুইটে জানান, “২০২৩ সালের ডিসেম্বর মাসের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে, ওইসিডি দেশগুলোর মিশন প্রধান ও বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে।”