ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেটস্ক প্রদেশের গভর্নর বুধবার বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার গোলাবর্ষণে ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জন আহত হয়েছে।
পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে পোস্ট করেছেন, মৃত্যুগুলো এভদিভকা, স্লোভিয়ানস্ক, ক্রাসনোহরিভকা এবং কুরাখোভে হয়েছে।
কিরিলেনকো বলেছেন, “প্রতিটি অপরাধের শাস্তি হবে।”
মেয়র ভাদিম লিয়াখ বলেন, মঙ্গলবার রাশিয়া স্লোভিয়ানস্কে “ব্যাপক গোলাবর্ষণ” শুরু করেছে।
ইউক্রেনীয় টেলিভিশনে একটি সাক্ষাৎকারে লায়াখ প্রথমে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানান। কয়েক ঘণ্টা পরে তিনি বিপরীত বক্তব্য রাখেন এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার পরামর্শ দেন। চার মাসেরও বেশি আগে অর্থাৎ রাশিয়ার আগ্রাসনের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ৭ হাজার।
রুশ বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী লুহানস্ক প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ডনেটস্কে অগ্রসর হওয়ার সাথে সাথে স্লোভিয়ানস্ক এবং বাখমুতে আক্রমণ চালিয়েছে যার অর্ধেক রাশিয়া ইতোমধ্যেই নিয়ন্ত্রণ করছে।
ইউক্রেন বলেছে, শহরের দক্ষিণে রুশ বাহিনী আরও দুটি শহর দখল করার চেষ্টা করছে এবং ক্রামতোর্স্কের কাছে গোলাবর্ষণ করছে।
যুদ্ধের শুরুতে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সরকারের পতন ঘটাতে বা রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছিল, তবে তারপর থেকে লুহানস্ক এবং ডনেটস্কসহ পূর্বের শিল্পনগরী ডনবাস অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।