বাংলাদেশের মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ ও যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে, উপচেপড়া ভিড় নেই।
বিআইডব্লিউটিসির কর্মীরা জানান, ফেরিতে যাত্রী ও যানবাহনের সঙ্গে সীমিত আকারে মোটরসাইকেলও পার করা হচ্ছে। বিড়ম্বনা ছাড়া ফেরি পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া, ধারণক্ষমতার বেশি যাত্রী যেন লঞ্চে না উঠে, সেই চেষ্টা করছে লঞ্চ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, “শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে ঈদে ঘরমুখো, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ শুরু হয়েছে। তবে, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত কার, মাইক্রোবাসগুলো অনায়াসেই ফেরিতে উঠতে পারছে।”
তিনি বলেন, “অন্য ঈদের সময় তিনদিন আগে থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হলেও, এবার গাড়ির চাপ কম থাকায় পন্যবাহী ট্রাকগুলো পার করা হচ্ছে। সেক্ষেত্রে আগে বাস, পরে ট্রাক পার করছি। ঘাটে সকাল থেকে বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের লাইন সৃষ্টি হয়েছে।”
“বর্তমানে ২১ টি ফেরির মধ্যে ২০টি দিয়ে পারাপার করা হচ্ছে । শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায়, সাত হাজার যানবাহন পারাপার করা হয়েছে। এর মধ্যে, ৩৬০০টি মোটরসাইকেল; জানান বিআইডব্লিউটিসির ডিজিএম।
পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, “ঘাটের আইনশৃঙ্খলা রক্ষায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাট এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রয়েছে।”