ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর, প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। রবিবার (১০ জুলাই) রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে,সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে, খেলা শুরু হয় পৌনে ১২টায়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভারে।
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, স্বাগতিক দলের ব্যাটাররা শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে শাই হোপকে কোনো রান করার আগেই সাজঘরে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। শরীফুল ৩৪ রানে চার এবং মেহেদী হাসান ৩৬ রানে তিন উইকেট শিকার করেন। নাসুম ও তাসকিন উইকেট না পেলেও,স্বাগতিক ব্যাটারদের যথেষ্ট ভুগিয়েছেন।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪১ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় টিম-টাইগার। তবে, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং, জয়ের পথ দেখায় বাংলাদেশকে। তামিম ২৫ বলে ৩৩ এবং নাজমুল ৪৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান এরপর, মাহমুদউল্লাহ ও নুরুল হাসান জুটি জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাঝে, আফিফ হোসেন প্যাভিলিয়নে ফিরে যান ১৭ বলে ৯ রান করে। রিয়াদ ৪১ রান এবং সোহান ২০ রানে অপরাজিত থাকেন।
আগামী ১৩ এবং ১৬ জুলাই দু’দলের মধ্যে সিরিজের বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।