চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় সাতজন নিহত, আহত ছয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা

বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সোমবার (১১ জুলাই) যাত্রীবাহী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পটিয়ার বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. রাশেদুল ইসলাম বলেন, “রাতে মহাসড়কের বাইয়ার জলুয়ার দিঘীর মাঝামাঝি এলাকায়, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে, সড়কেপাশে খাদে পড়ে যায়। এতে, ঘটনাস্থলে পাঁচজন সিএসজি যাত্রী নিহত হন। বাস এবং সিএনজির আট যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হলে, সেখানে দুজন মারা যান।”