পাঠ্যবই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “একটি অপশক্তি পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে, জনগণকে বিভ্রান্ত করছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাক্রমকে ঢেলে সাজানো হয়েছে। এতে ইসলাম শিক্ষা বইয়ের কোনো কিছুই বাদ দেয়া হয়নি। বরং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অন্য সকল ধর্মের কথাও বলা হয়েছে।”

সোমবার (১১ জুলাই) বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর গ্রামে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কায়কোবাদ চুন্নুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, “ বিভ্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা ধর্মের নামে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং মানুষকে উস্কানী দিচ্ছে।”

ফেসবুকে অপপ্রচারকারীদের প্রতি নিন্দা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “আসলে তারা না জেনেই এসব অপপ্রচার করছেন এবং তারা এফবিতে যেসব বইয়ের ছবি দেখাচ্ছেন, সেগুলো এদেশের বই না। এগুলো ভারতের বই। এরা একটি চক্র। এরা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবীর প্রধানীয়া।