বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, “বাংলাদেশের সঙ্গে একটি প্রসারিত সম্পর্ক উন্নয়নে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” মঙ্গলবার (১২ জুলাই) ঢাকায় জাপান দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করার পর, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং ঢাকায় আবের সফরের কথা স্মরণ করেন।মোমেন বলেন, “আমরা অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছি। যার মাধ্যমে, বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানকে এগিয়ে আসতে সাহায্য করেছে।”
আব্দুল মোমেন বলেন, “ শিনজো আবে’র মৃত্যুর ঘটনা অবিশ্বাস্য, বিশেষ করে জাপানের মতো দেশে, যেখানে কঠোরভাবে আইন অনুসরণ করা হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।”
গত শনিবার বাংলাদেশে, জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
ঐ দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশে অবস্থিত মিশনে, আবে’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় জাপান দূতাবাস জানিয়েছে, জাপানের জনগণ বাংলাদেশের সরকার ও জনগণের গভীর সমবেদনাকে আন্তরিকভাবে উপলব্ধি করে।