ভাষা আন্দোলনের কর্মী বিচারপতি কাজী এবাদুল হক আর নেই

ভাষা আন্দোলনের কর্মী বিচারপতি কাজী এবাদুল হক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ও ভাষা আন্দোলনের কর্মী কাজী এবাদুল হক বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

আপিল বিভাগের সাবেক এই বিচারপতির মৃত্যুতে শুক্রবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিচারপতি কাজী এবাদুল হক ১৯৩৬ সালের ১ জানুয়ারি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য, ফেনী শহরে ভাষা আন্দোলন সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৬ সালে বিচারপতি এবাদুল হক একুশে পদকে ভূষিত হন।

বিচারপতি কাজী এবাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করে ফেনীতে আইন পেশায় প্রবেশ করেন এবং ১৯৬৬ সালে ঢাকার হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন। ১৯৯০ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হন এবং বাংলায় রায় প্রদান করে এক অন্যন্য নজির স্থাপন করেন।

১০ বছর হাইকোর্ট বিভাগে থাকার পর তিনি আপিল বিভাগে নিয়োগ পান। এক বছর পর, বেঞ্চ থেকে অবসর নেন তিনি।