শনিবার দিনের শুরুর দিকে গাজা থেকে আগত এক রকেট হামলার বিষয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়।
ইসরাইল জানায় যে, ইসরাইল অভিমুখে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। একটিকে পথের মধ্যেই রোধ করা হয়, অপর তিনটি খালি জায়গায় ভূপতিত হয়। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলে যে, তারা জঙ্গিবিমান দিয়ে হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয়। হামলায় হামাস এর দুইটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। আইডিএফ বলে যে, এর মধ্যে একটি স্থাপনা হামাসের একটি “ভূগর্ভস্থ কমপ্লেক্স ছিল যেখানে রকেট তৈরির কাঁচামাল মজুদ করে রাখা হত।”
গাজা উপত্যকার শাসক ইসলামী জঙ্গী গোষ্ঠীটি হল হামাস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ঐ হামলাগুলো হয়। এই অঞ্চলে ইসরাইলের সংযুক্তি বৃদ্ধির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে বাইডেনের চলমান সফরের একটি গন্তব্য ছিল ইসরাইল।
ফওজি বারহুম নামে হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন যে, গাজায় ইসরাইলের হামলাগুলো “আগ্রাসন ও অপরাধ চালিয়ে যেতে এই ইহুদিরাষ্ট্র যুক্তরাষ্ট্রের থেকে যেই সমর্থন ও উৎসাহ পেয়েছে এটি তারই প্রতিফলন।”