বাংলাদেশে আরও ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ফাইল ফটো-এপি

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ৩৩৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৫৪ জন ঢাকার মধ্যে এবং ৮২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৪৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১১৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৮০ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ১৫১ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে এক হাজার ৮৫৮ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৯৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

চলতি বছর, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।