বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ:মোট মৃত্যু ১০, নতুন শনাক্ত ৮০ চিকিৎসাধীন ৩২৮ জন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকার একটি হাসপাতালে। ফাইল ফটো- এপি

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু-সংখ্যা দাঁড়ালো ১০জনে। এছাড়া, রবিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, ৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে, ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ৩২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ২৫৫ জন ঢাকায় এবং ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় দুই হাজার ২৪৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, দুই হাজার ৩২২ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে, এক হাজার ৯৮৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৩৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।