অব্যবস্থাপনার বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দিতে ৭ দিন সময় পেল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন। (ফাইল ছবি)

ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধসহ অব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে এক সপ্তাহ সময় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে, রবিবার (৩১ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আগামী রবিবার (৭ আগস্ট) পর্যন্ত সময় দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, “রেলওয়ের পক্ষে কমপ্লায়েন্স (প্রতিবেদন) দাখিলের জন্য এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেছি। আদালত সময় দিয়ে, আগামী রবিবার পরবর্তী দিন রেখেছেন।”

রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে, ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্সূচির বিষয়টি নজরে নেয়ার পর, ২১ জুলাই হাইকোর্ট প্রতিবেদন চেয়েছিলেন। ঐ দিন হাইকোর্ট ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেন। যদি বন্ধ না করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত।