বিশ্বের সব দেশ জ্বালানির ক্ষেত্রে মিতব্যয়ী হয়েছে, আমরাও মিতব্যয়ী হয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকটের পরিপ্রেক্ষিতে, বিশ্বের সব দেশ বিদ্যুৎ ও জ্বালানি তেলের ক্ষেত্রে কঠোর মিতব্যয়ী হয়েছে। কেননা, উন্নত দেশসহ পুরো বিশ্ব সংকটে রয়েছে। সম্ভাব্য সংকট এড়াতে আমরাও মিতব্যয় বজায় রাখছি।”

সোমবার (১ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে এ কর্মসূচিতে অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ।

শেখ হাসিনা বলেন, “সবাইকে তা মনে রাখতে হবে। উন্নত দেশ হিমশিম খাচ্ছে। ভবিষ্যৎ বিপদ এড়াতে, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।
সেটা মাথায় রেখে আমরা মিতব্যয় বজায় রাখছি। বর্তমান আওয়ামী লীগ সরকার মাত্র ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতায় উন্নীত করেছে বিদ্যুৎ খাতকে। লুটপাট হলে এটা সম্ভব হতো না। যখন কোনো খাতে লুটপাট হয় তখন তা সংকুচিত হয়।”

“ইউক্রেন যুদ্ধের কারণে সম্ভাব্য দুর্ভোগের কথা মাথায় রেখে,সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে;” উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।