বৈশ্বিক সংকটের মধ্যে,বাংলাদেশের নেওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে পদক্ষেপের অংশ হিসেবে, রাজধানী ঢাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালুর জন্য গ্রহণ করা টেলিটকের ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যোগ দেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “আজকের বৈঠকে সাতটি প্রকল্প অনুমোদন করা হলেও, টেলিটকের নতুন একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। টেলিটক-এর একটি প্রকল্প স্থগিত করা হয়েছে, কারণ এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার খরচ হবে, যা এখন খুবই প্রয়োজনীয়। প্রকল্পটি একেবারে বাতিল করা হয়নি, পরবর্তীতে এটা বাস্তবায়ন করা হবে।”
পরিকল্পনামন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকায়, টেলিটক নেটওয়ার্কে ফাইভ-জি প্রযুক্তির বাণিজ্যিক প্রবর্তন, এই শিরোনামের নতুন এই প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য প্রণয়ন করা হয়েছিল। প্রকল্পের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে আছে, বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করা, ফাইভ-জি প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং অন্যান্য মোবাইল ফোন অপারেটরদের ফাইভ-জি পরিষেবা চালু করতে উৎসাহিত করা।