বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে ক্রেন্দ্র করে, রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির পর, একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (৩০) নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নূর।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে, এডিআইজি বলেন, “পাহাড়ী এলাকায় দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর দেয় স্থানীয় লোকজন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।”