করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন মিশেল জে সিসন

করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন মিশেল জে সিসন

কোভিড-১৯ টিকাদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। এছাড়া, শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ করে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন তিনি।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে মিশেল জে সিসন আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন।

মঙ্গলবার(৯ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্টের দূতাবাস জানিয়েছে যে, মিশেল জে সিসন বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সবচেয়ে চ্যালেঞ্জিং বৈশ্বিক ইস্যুতে অভিন্ন স্বার্থ ভাগ করে নেয় এবং আমরা ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত রাখব।” বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনেও অভিনন্দন জানিয়েছেন মিশেল জে সিসন।

দুই দেশের মধ্যে শক্তিশালী বহুপাক্ষিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয় বৈঠকে। পারস্পরিক স্বার্থের বিভিন্ন বহুপাক্ষিক বিষয়ও আলোচনায় স্থান পায়।

উভয় পক্ষ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় শান্তিরক্ষা কার্যক্রম, খাদ্য নিরাপত্তা, বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যুতে মতবিনিময় করেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন মিশেল জে সিসন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, “রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধারণাই মেনে নেবে না।” তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের দিকে নজর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিসনের নেতৃত্বে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্টের প্রতিনিধিদল, সোমবার বিকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন।