কঙ্গোর বিরোধী নেতার গ্রেপ্তারে ব্লিংকেনের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিনশাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে পঞ্জি হাসপাতাল এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ ডেনিস মুকাওয়েগে (ডানে)-সহ পূর্ব কঙ্গোর সুশীল সমাজের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। ১০ আগস্ট, ২০২২।(ছবি অ্যান্ড্রু হারনিক/পুল/এএফপি)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে (ডিআরসি) “অবাধ,সুষ্ঠু এবং সময়মতো নির্বাচন” করতে উৎসাহিত করেছেন এবং একটি সংক্ষিপ্ত সফরে কঙ্গোতে পৌঁছানোর পর পরই গ্রেপ্তার হওয়া কঙ্গোর বিরোধী নেতাকে আটক করার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, “আমরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছি, আমরা এখানে সরকারে আমাদের সহকর্মীদের সাথে এটি উত্থাপন করেছি, আমরা ডিআরসি-র আইনেকে পূর্ণ সম্মান করি।” তিনি বলেন, “তবে রাজনৈতিক অবস্থানকে হ্রাস করতে পারে, এমন পদক্ষেপ নিয়ে আমরা উদ্বিগ্ন, বিশেষ করে দেশটি যখন নির্বাচনের দিকে যাচ্ছে।”

মঙ্গলবার ডিআরসি প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডির প্রাক্তন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র কিন্তু বর্তমানে বিরোধী এমন একজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়।

তার আইনজীবীরা বলেছেন, কাবুন্দের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের অবমাননার অভিযোগ আনা হয়েছে। কাবুন্দকে একসময় শিসেকেদির ক্ষমতায় উত্থানের পেছনে একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। এই বছরের শুরুর দিকে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং কাবুন্দ তার নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) ডিআরসি-এর নির্বাচনে শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণ এবং স্বচ্ছতা বাড়াতে অতিরিক্ত ১ কোটি ডলার প্রদান করার পরিকল্পনা করেছে। এর ফলে কঙ্গোর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলারে পৌছেছে।

মধ্য আফ্রিকার দেশটিতে আগামী বছর প্রেসিডেন্ট, আইনসভা এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।