বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশও কিছুটা সংকটে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (১২ আগস্ট) বলেছেন, “আমরা এই মুহুর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশও কিছুটা সংকটে রয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী আতঙ্ক তৈরির জন্য ‘ভিত্তিহীন’ ভাবে বলে বেড়াচ্ছে যে, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে। বাস্তবে এর কোন ভিত্তি নেই।”

বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, “অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন।”

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের পর্যাপ্ত ডলারের রিজার্ভ রয়েছে এবং ভবিষ্যৎ সংকটের কথা বিবেচনা করে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।”

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সুইস ব্যাংকগুলো বাংলাদেশ থেকে পাচার করা অর্থের তথ্য শেয়ার করতে চায় না।বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা সেসব তথ্য দিতে চায় না, এটা একটা সমস্যা।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ৬৭ জনের নাম উল্লেখ করে সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়েছে। সেসময় তারা শুধু একজনের তথ্য দিয়েছিলো। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও, তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি।”