বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭৪ জন ঢাকার মধ্যে এবং ৭২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় দুই হাজার ৯৮২ জন; ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৬৯ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে তিন হাজার ১৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৭০২ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৪৮৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ জন প্রাণ হারান।