যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার তাদের কোভিড-১৯ নির্দেশিকা শিথিল করেছে। আমেরিকার নাগরিকদের কেউ যদি কোনো সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসে, তবে তাদের আলাদা করে রাখার যে সুপারিশ ছিল, সংস্থাটি তা বাদ দিয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ( সিডিসি) আরও বলেছে, লোকজনকে, একে অপরের কাছ থেকে আর ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে না।
মহামারী শুরু হওয়ার আড়াই বছরেরও বেশি সময় পর, ১৬ বা তার বেশি বয়সী আনুমানিক ৯৫ শতাংশ আমেরিকার নাগরিক হয় টিকা নিয়েছেন অথবা সংক্রমিত হয়েছেন। এ কারণে কোভিডের বিরুদ্ধে কিছু মাত্রার প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। এমন স্বীকৃত ধারণার ভিত্তিতে পরিবর্তনগুলো আনা হয়েছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
কমিউনিটি সংক্রমণ বেশি বলে বিবেচিত এলাকায় অথবা কোন ব্যক্তিকে যদি গুরুতর অসুস্থতার কারণে উচ্চ ঝুকিপূর্ণ বলে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে মাস্ক ব্যবহারের সুপারিশ বহাল রাখা হয়েছে।
এর আগে সিডিসি বলেছিল, কোভিড-১৯ টিকা দেয়া হয়নি এমন ব্যক্তি যদি কোভিড পজিটিভ কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, তবে তাদেরকে কমপক্ষে ৫ দিন বাড়িতে অবস্থান করতে হবে। এখন সংস্থাটি বলছে বাড়িতে আলাদা করে থাকার আর প্রয়োজন নেই। তবে উপরোক্ত ব্যক্তিদেরকে ১০ দিনের জন্য ভালো মানের মাস্ক পরতে এবং ৫ দিন পরে কোভিড টেস্ট করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি বলে চলেছে, টিকা দেয়া থাকুক বা না থাকুক যাদের কোভিড পজিটিভ, তাদের উচিত অন্তত ৫ দিনের জন্য অন্যদের থেকে আলাদা থাকা ।
সিডিসি কর্মকর্তারা পরামর্শ দেন যে, লোকজন যদি ওষুধ সেবন ছাড়াই ২৪ ঘণ্টা জ্বরমুক্ত থাকে এবং উপসর্গমুক্ত থাকে বা উপসর্গ মুক্ত হতে থাকে তবে তাদের আর আলাদা থাকার প্রয়োজন পড়বে না।