মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা মিনিটম্যান ৩ নামের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই মাসের শুরুতে তাইওয়ানের কাছে চীনের শক্তি প্রদর্শনের সময় বেইজিং-এর সাথে উত্তেজনা বৃদ্ধি এড়াতে এই পরীক্ষা বিলম্বিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি স্ব-শাসিত দ্বীপটিতে যাওয়ার পরে চীন তাইওয়ান প্রণালীতে বেশ কয়েকটি বিমান মোতায়েন এবং লাইভ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং এটিকে নিয়ন্ত্রণে আনতে কখনোই শক্তি প্রয়োগের প্রচেষ্টা ত্যাগ করেনি।
সামরিক বাহিনী বলেছে, এর আগে প্রায় ৩০০টি এ জাতীয় পরীক্ষা করা হয়েছে এবং এবারেরটি কোনো সুনির্দিষ্ট বৈশ্বিক ঘটনার ফলাফল নয়।
পরীক্ষাটি নির্দেশ করে যে, ওয়াশিংটন অন্তত স্বল্পমেয়াদে তাইওয়ানের চারপাশের পরিস্থিতির ক্রমাগতভাবে অবনতি ঘটতে থাকা নিয়ে কম চিন্তিত।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, তারা আগামী সপ্তাহগুলোতে তাইওয়ান প্রণালীতে নিয়মিত বিমান ও নৌ অভিযান চালিয়ে যাবে।
চীনের সামরিক বাহিনী বলেছে, সোমবার তারা তাইওয়ানের আরও নিকটে মহড়া চালিয়েছে কারণ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল চীনের দাবিকৃত দ্বীপটি পরিদর্শন করেছে এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে দেখা করেছে, যিনি বলেছেন যে তার সরকার স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে- এই আশঙ্কা থেকে তার দেশের পারমাণবিক শক্তি সংক্রান্ত সংস্থাকে উচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা এখন পর্যন্ত ওয়াশিংটনের পারমাণবিক সতর্কতার মাত্রা পরিবর্তন করার কোন কারণ দেখেননি।