ভারতের শেল্টার হোম থেকে বাংলাদেশে ফিরলেন পাচার হওয়া আট নারী

বাংলাদেশে ফিরলেন পাচার হওয়া আট নারী

ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারী, দুই বছর শেল্টার হোমে থাকার পর, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছেন। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

পাচার হওয়া আট বাংলাদেশি নারী হলেন; লিজা মন্ডল, বৃষ্টি আক্তার, রেবেকা খাতুন, নাসরিন মন্ডল, রেবেকা আক্তার, সুলতানা বেগম, হেলেনা খাতুন ও রিতু আক্তার।

বৃষ্টি আক্তার জানান, “আমরা দালালদের মাধ্যেমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর বাসা বাড়িসহ বিভিন্ন কাজের সময় ভারতের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যেমে দুই বছর প্রাজাওয়ালা হায়দরাবাদ শেল্টার হোমে থাকার পর বুধবার দেশে ফিরেছি। শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি মেয়ে আছে। তারা দেশে আসার জন্য অপেক্ষার প্রহর গুনছে।”

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।”

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, “ফেরত আসা নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরর করা হবে।”