চীনে আকস্মিক বন্যাঃ ১৬ জন নিহত, ১৮ জন নিখোঁজ

বেইজিং-এ একটি বৃষ্টির দিনে অফিস কর্মীরা ছাতা নিয়ে হাঁটছেন। ১৮ আগস্ট, ২০২২।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের পশ্চিমাঞ্চলে তুমুল বৃষ্টির ফলে হওয়া একটি ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছে এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছে। এই ভূমিধসের ফলে একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং জনবহুল এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি একটি অনলাইন হালনাগাদ সংবাদে বলেছে, উদ্ধারকারীরা, যারা এর আগে ৩৬ জনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল,তারা বিকেলে নিখোঁজদের মধ্যে ১৮ জনকে খুঁজে পেয়েছে। সিসিটিভি জানিয়েছে, বুধবার রাতের ওই দুর্যোগে কিংহাই প্রদেশের ৬টি গ্রামের ৬ হাজার জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীন এই গ্রীষ্মে দেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও বন্যা এবং অন্যান্য অঞ্চলে চরম তাপ ও খরা উভয়েরই মুখোমুখি হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ৬০ বছর আগে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এবছরের দীর্ঘায়িত তাপ ও খরাকে সবচেয়ে খারাপ বলে বর্ণনা করেছে।

জরুরি পরিষেবা কর্তৃপক্ষ কিংহাইয়ের ডাটং কাউন্টিতে আকস্মিক বন্যাকে “পাহাড়ি ঢল” হিসেবে বর্ণনা করেছে। এই ধরনের ঢল সাধারণত পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে হয়ে থাকে। পাহাড় থেকে নিচের দিকে প্রবাহিত পানি বিস্ময়কর ভাবে প্রচণ্ড গতির নদীতে পরিণত হতে পারে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহান্তে পাহাড় ধসে ৭ জন নিহত হয়েছে।

সিচুয়ান এবং অন্যান্য প্রদেশের অনেক জায়গায় ফসল শুকিয়ে যাচ্ছে এবং খরার কারণে জলবিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে এবং উচ্চ তাপমাত্রা বিদ্যুতের চাহিদা বাড়িয়ে দেয়ার কারণে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।

চীনের গণমাধ্যম এবং সরকারি প্রতিবেদন অনুসারে, তিনটি প্রদেশের কর্তৃপক্ষ সাম্প্রতিক দিনগুলোতে আরও বৃষ্টিপাতের উদ্দেশ্যে মেঘে “বীজ” বপনের জন্য আকাশে রকেট নিক্ষেপ করেছে।