বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়ায়, ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত, যুবদল নেতা জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছে। শুক্রবার(২৬ আগস্ট) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাকি সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলমীডাঙ্গা গ্রামের মৃত কওসার আলী সরদারের ছেলে।
জানা যায়, সাতক্ষীরা কারাগারে থাকা অবস্থায় তিনি হৃদরোগ ও কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর, কারারক্ষীদের হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন ছিলেন। একই মামলার বিস্ফোরক অংশে সাক্ষ্য গ্রহণ শুরু হলে, তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে নিয়ে যাওয়া হয়। হাজিরা শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর লাকি আবারও অসুস্থ হয়ে পড়লে, তাকে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
বিএনপি’র কলারোয়া উপজেলা শাখার সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন জানান, “লাকি কলারোয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং সর্বশেষ পৌর যুবদলের সভাপতি ছিলেন।”