বাংলাদেশের ১৬৭টি বাগানের চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে রবিবার (২৮ আগস্ট) থেকে চা শ্রমিকদের কাজে যোগ দেয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে চা-বাগান মালিকদের বৈঠকের পর, গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।
মুখ্যসচিব জানান, “শনিবার (২৭ আগস্ট) বিকালে চা শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এস শাহ আলমের নেতৃত্বে ১৩ জন মালিক প্রতিনিধির বৈঠকে এ সিন্ধান্ত হয়। এছাড়া প্রধানমন্ত্রী শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন।”
শুক্রবার রাতে গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর, বাংলাদেশ চা শ্রমিকদের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, “আমরা সাধারণ চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে একমত ও খুশি। তাই কাল থেকে আমরা কাজে ফিরছি।”
সাতগাঁও চা বাগানের পঞ্চায়েত-এর সাধারণ সম্পাদক সুদিপ কৈরী বলেন, “আপাতত আমরা মিছিল ও মিটিং করছি না। বরং প্রধানমন্ত্রী যে রায় দিয়েছেন তা মেনে নিলাম।”
উল্লেখ্য, ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট থেকে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছিল চা-শ্রমিকরা।