বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। এর নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য, স্ক্যানার বসানোর কার্যক্রম চলছে। বন্দরের প্রতিটি গেইটে স্ক্যানার বসানো হবে।”
রবিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, “চট্টগ্রাম বন্দরে যাতে স্ক্যানার বসানো না হয়, এখানে যাতে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া না লাগে, সেজন্য সংঘবদ্ধ চক্র তৎপর।”
প্রতিমন্ত্রী বলেন, “ভারতের সাথে চুক্তি অনুসারে তাদের দেশের জাহাজ চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে সড়ক পথে ভারতের অন্যান্য রাজ্যে মালামাল যেতে পারবে। এজন্য চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজের ট্রায়াল রান হয়েছে। আরও ট্রায়াল হবে। চট্টগ্রাম বন্দরকে আরও আপগ্রেড করা হচ্ছে।
তিনি বলেন, “পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও ওভারফ্লো ইয়ার্ড নির্মিত হয়েছে। জাহাজের চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এসআরও হয়ে গেলে, নিয়মিতভাবে ভারতীয় জাহাজ আসা শুরু করবে।”