যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নবনির্বাচিত নেতা এলিজাবেথ ট্রাসকে শেখ হাসিনার শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাস

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ সেপ্টেম্বর) নবনির্বাচিত কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসকে শুভেচ্ছা জানিয়েছেন।

চার দিনের ভারত সফররত শেখ হাসিনা এক বার্তায় বলেছেন, “আপনার নির্বাচিত হওয়া, আপনার দেশকে উন্নতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের ভরসা ও আস্থার প্রমাণ।”

শেখ হাসিনা আরও বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়নে শক্তিশালী সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাবে।

শেখ হাসিনা তার বার্তায় বলেন, “সবকিছুর ঊর্ধ্বে, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশ ও ব্রিটেন দুই দেশের উন্নয়নের জন্য অভিন্ন মানবসম্পদ হিসেবে কাজ করে।”

“দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ;” বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।