সোমবার ব্রিটেনের কনজারভেটিভ পার্টি ঘোষণা করেছে যে, পার্টির ভোটে পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছেন।
ট্রাস এবং প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক দলের শীর্ষস্থানটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
দায়িত্ব গ্রহণের পরে ট্রাস ব্রিটেনের মন্দা এবং বর্ধিত জ্বালানি বিল সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন।
জুলাই মাসে প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছিলেন যে তার সরকার নিজেদেরই কিছু কোভিড-১৯ লকডাউন বিধিনিষেধ লঙ্ঘনের মতো কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার ফলে তিনি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার ট্রাস স্কটল্যান্ড যাবেন। সেখানে রাণী এলিজাবেথ তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।