নিউ মার্কেটে ঢাকা দক্ষিণ সিটির অভিযান: শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

নিউ মার্কেটে ঢাকা দক্ষিণ সিটির অভিযান

বাংলাদেশর রাজধানী ঢাকার নিউ মার্কেটের ভেতরে গড়ে ওঠা শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এর যৌথ নেতৃত্বে সোমবার (৫ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মার্কেটের ভেতরে হাঁটা-চলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে নির্মিত দোকান-পাট ও কমন স্পেসে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, “মার্কেটে আসা ক্রেতারা যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যে মেয়রের নির্দেশনা অনুযায়ী নিউমার্কেটের ভেতরের ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এ সময় নতুন করে অবৈধ আর কোনও দোকান-পাট নির্মাণ না করতে মাইকিং করা হয়েছে এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা করার বিষয়ে সতর্ক করা হয়েছে।”