শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ,ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম চালান,আট মেট্রিক টন ইলিশ দুটি ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।
এর আগে, রবিবার (৪ সেপ্টম্বর) ৪৯ প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। প্রতিকেজি ইলিশ মাছ ১০ ডলারে রপ্তানি হচ্ছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব রহমান।
তিনি বলেন, “ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও, দুর্গাপূজা উপলক্ষে এবার দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। এই ধারাবাহিকতায় প্রথম চালান আট মেট্রিক টন ইলিশ দুটি ট্রাকে করে সোমবার ভারতে প্রবেশ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।”
বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও, অভ্যন্তরীন চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ দিয়েছে। গত বছর দুর্গাপূজার সময়, ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, “ভারতে ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।”