বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত খাজা গরীব নওয়াজ দরগা শরীফ (আজমির শরীফ) পরিদর্শন করেছেন। সেখানে তিনি সুফি সাধক মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ফাতেহা পাঠ, নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। সেখানে কিছু সময় কাটিয়ে প্রধানমন্ত্রী আজমির দরগা শরীফের চারপাশে ঘুরে দেখেন।”
স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে নয়া দিল্লির পালাম বিমানবন্দর থেকে যাত্রা করে।
শেখ হাসিনার সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর সাক্ষাৎ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় নোবেলজয়ী ও সমাজ সংস্কারক কৈলাশ সত্যার্থী। এসময় তিনি, বাংলাদেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় নোবেলজয়ী ও সমাজ সংস্কারক কৈলাশ সত্যার্থী।
কৈলাশ সত্যার্থী বলেন, “সবচেয়ে দুর্বলদের কল্যাণ নিশ্চিত করার জন্য তার সহানুভূতি এবং সংকল্প প্রশংসনীয়। আর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা সব সময় আনন্দের।”
নয়াদিল্লীতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর, সত্যার্থী টুইটে বলেন, “প্রান্তিক শিশুদের জন্য একটি বিশ্বব্যাপী সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্পর্কিত আমার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।”