বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে।
সতর্ক বার্তায় বলা হয় যে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুন্দ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে আবহাওয়া বিভাগের সতর্ক বার্তায়।
এছাড়া, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়া অধিপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, কুমিল্লা, চাঁদপুর, যশোর ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লা ও চাঁদপুর-এ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায়, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।