ঢাকার কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ ৬ জনের সকলেই মারা গেছেন

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে, কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান। নিহত কিশোরের নাম ইয়াসিন (১২)। এর মধ্য দিয়ে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সকলেই মারা গেলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.বাচ্চু মিয়া জানান, “ইয়াসিনের শরীরে ২৮ শতাংশ পোড়া ছিল। তিনি সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট আফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

উল্লেখ্য গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বাড়ির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হন। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর দগ্ধ মারিয়া আক্তার (৮) মারা যায়। শাহাদাত হোসেন (২০) ও তার দাদি বেগম (৬০) শুক্রবার মারা যান। সোমবার মারা যান পান্না বেগম (৫০)। আর, সোনিয়া আক্তার (২৬) মারা যান মঙ্গলবার।