আশা করি মিয়ানমার শিগগির সংযম দেখাবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন যে, বাংলাদেশ সীমান্তের দিকে গুলি চালানো থেকে মিয়ানমারকে বিরত থাকতে বলা হয়েছে। দেশটি সংযম দেখাবে বলেও আশা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে কয়েকটি মর্টার শেল পড়েছে। আমরা এ ঘটনার বিরুদ্ধে সরকারের প্রতিটি স্তর থেকে কঠোর প্রতিবাদ জানিয়েছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে একটি বার্তা পাঠিয়েছি। আমি আশা করি মিয়ানমার শিগগিরই সংযম দেখাবে।”

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষ না করা পর্যন্ত বাবুল আক্তারের অভিযোগ সম্পর্কে তিনি কিছু বলতে চান না।

তিনি বলেন, “বাবুলের অভিযোগ সত্য কি-না তা পিবিআই’র তদন্তে জানা যাবে। পিবিআই’র ওপর আমাদের আস্থা আছে। তারা সর্বদা পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষ হলেই সব বিভ্রান্তি দূর হবে।”

হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

মামলার অন্য পাঁচ অভিযুক্ত হলেন পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআই পরিদর্শক একে মহিউদ্দিন সেলিম, সন্তোষ চাকমা ও এনায়েত কবির।