যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল- ব্রিটেনের প্রিন্স চার্লস, প্রিন্স অফ ওয়েলস স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে কপ-২৬ জলবায়ু সম্মেলনে পার্শ্ব এক দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। ২ নভেম্বর ২০২১।

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিংহাসনে আরোহণ করায়, সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে একটি স্বাক্ষরিত চিঠিতে, শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন রাজাকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা তার চিঠিতে বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী শাসনাকার্যে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মা প্রয়াত মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি চির-উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।”

চিঠিতে বাংলাদেশর প্রধানমন্ত্রী, দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতা-কে আরও জোরদার করতে এবং কমনওয়েলথ-কে কাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে, রাজার প্রতি তার আন্তরিক সমর্থন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুইন কনসর্ট এবং রাজপরিবারের সকলের মঙ্গলময় স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুবাৎসল জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।